খালেদাকে বলবেন যেন মানুষ না পোড়ান: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়াবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়া যখন এখানে আসবেন, তখন আপনারা তাঁকে বলবেন, তিনি যেন আর মানুষ না পোড়ান। বলে দেবেন ওনার যে একটা কুলাঙ্গার ছেলে আছে (তারেক রহমান), তিনি যেন আর মানুষ না পোড়ান।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রায় পৌনে এক ঘণ্টার ভাষণে প্রধানমন্ত্রী তাঁর তিন (১৯৯৬, ২০০৮ ও ২০১৪) মেয়াদের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরেন। জনসভাস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী বগুড়ায় ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন।
বগুড়ার উন্নয়নে তাঁর সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। একই সঙ্গে বগুড়া থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণ, প্রত্যেকটি উপজেলায় একটি করে ছোট ফুটবল স্টেডিয়াম নির্মাণ এবং যমুনা নদী ড্রেজিং করার কথা জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের সভানেত্রী বলেন, বগুড়াসহ প্রত্যেকটি জেলা সদর হাসপাতালে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট চালু করা হবে।
সাম্প্রতিক সময়ে বিদেশি হত্যা সরকারের বিরুদ্ধে চক্রান্ত বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ছেলে বিদেশ বসে আছেন। বিলাসবহুল জীবন যাপন করছেন। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন খালেদা জিয়া। সেখানে বসে বিদেশি হত্যার চক্রান্ত করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চান। দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চান। বাংলাদেশের মানুষ সন্ত্রাসে বিশ্বাস করে না। দেশের মানুষ এই চক্রান্ত সফল হতে দেবে না।’
শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬-এ ক্ষমতায় এসে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করার ঘোষণা দিয়েছিলাম। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের সোপানে পা রেখেছে। বিএনপির নেত্রী খালেদা জিয়া যদি দেশের ক্ষতি না করেন, ষড়যন্ত্র না করেন, জ্বালাও-পোড়াও না করেন, স্থির থাকেন, তবে ২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, মানুষ কিছু পায়। নৌকা কখনো মানুষকে বঞ্চিত করে না। যখনই নৌকা ক্ষমতায় আসে, তখনই সমগ্র বাংলাদেশে উন্নয়ন হয়। দেশের মানুষ পায়। আর বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন উন্নয়ন তো করেই না, লুটপাটে ব্যস্ত থাকে।’
নানা ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘দেশে এখন মঙ্গা নেই। আমরা খাদ্য নিরাপত্তায় সফলতা অর্জন করেছি। বেকারদের জন্য কর্মসংস্থান ব্যাংক করেছি। প্রবাসীকল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক করেছি। প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ করছি।’

নির্বাচন না করে খালেদা ভুল করেছিলেন
নির্বাচনে না এসে খালেদা জিয়া ভুল করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসেনি। নির্বাচনে না এসে ৩৪ দিন অবরোধ দিয়েছিলেন খালেদা জিয়া। এই ৩৪ দিনে পুড়িয়ে পুড়িয়ে ১৩৫ জন মানুষকে হত্যা করেছিলেন। মসজিদ-মন্দির-স্কুলে আগুন দিয়েছিলেন, হাজার হাজার গাড়িতে আগুন দিয়েছিলেন। পুলিশ-বিজিবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০ জনকে হত্যা করেছিলেন। নির্বাচনের দিন ২৬ জনকে হত্যা করেছিলেন। ৫৯২ স্কুল পুড়িয়ে দিয়েছিলেন। কিন্তু নির্বাচন ঠেকাতে পারেননি। এ কারণে তিনি (খালেদা জিয়া) এবং তাঁর ছেলে এ দেশের মানুষের কাছে খুনি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।

বিদেশে বসে মা-ছেলে দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চাচ্ছেন
খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ৯৪ দিন অফিসে বসে জ্বালাও-পোড়াও করেছেন। নির্দেশ দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। হাজার হাজার গাড়ি পুড়িয়েছেন। পুলিশ-আনসার হত্যা করেছেন। আন্দোলনে ব্যর্থ হয়ে ৯৪ দিন পর নাকে খত দিয়ে অফিস থেকে বের হয়ে সোজা মামলার হাজিরা দিতে গেছেন। তিনি বলেন, এখন আবার আওয়ামী লীগের উন্নয়ন সহ্য হয়নি। দেশ জ্বালিয়ে পুড়িয়ে বিদেশ গেছেন খালেদা জিয়া। বিদেশের মাটিতে বসে মা-ছেলে মিলে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রকারীদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। তাঁরা মানুষ হত্যা ছাড়া কিছুই করতে পারেন না।

নৌকা কখনো কাউকে ঠকায় না
আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘বগুড়া থেকে আওয়ামী লীগ সব সময় কম আসন পেয়েছে। কিন্তু উন্নয়নে অবহেলা করেনি। আওয়ামী লীগ সরকার বগুড়ার ব্যাপক উন্নয়ন করেছে। কারণ আওয়ামী লীগ জনগণকে দিতে জানে। নৌকা মার্কা কখনো কাউকে ঠকায় না। আমরাই পারি দেশের উন্নয়ন করতে। বিএনপি-জামায়াত তা পারে না। তারা সন্ত্রাস, লুটপাট জ্বালাও-পোড়াও করে।’
জনসভায় অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ ও খালিদ মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা, সাংসদ আবদুল মান্নান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংসদ হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ বক্তব্য দেন।

৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন
এর আগে জনসভাস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন। প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করেন সেগুলো হলো—নবনির্মিত ১০ তলাবিশিষ্ট জেলা মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ভবন, গাবতলী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র, কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি, আলিয়ারহাট এতিম ও প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রানীরহাট-কচুয়াপাড়া সড়ক উদ্বোধন, কাহালু ও নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, সারিয়াকান্দিতে সুখদহ নদের ওপর সেতু নির্মাণ, সারিয়াকান্দির কর্নিবাড়ি থেকে কামালপুর পর্যন্ত যমুনা নদীর ডান তীরে আট কিলোমিটার বিকল্প বাঁধ, অন্তরপাড়া থেকে দড়িপাড়া পর্যন্ত যমুনা নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংরক্ষণ প্রকল্প, শেরপুরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, বগুড়ায় ভকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ছাত্রী হোস্টেল, মোকামতলা-সোনাতলা-সারিয়াকান্দি, লিচুতলা-কদমতলী-ধুনট ও লাংলু-বালিয়াদীঘি-ধুনট সড়ক, সারিয়াকান্দি উপজেলা মৎস্য ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র, বগুড়া হাউজিং এস্টেটের আবাসিক ফ্ল্যাট ভবন এবং সারিয়াকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ প্রকল্প।
যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেগুলো হলো, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ১০০ শয্যার ছাত্রাবাস, আজিজুল হক কলেজের পুরাতন ভবনে দ্বিতল একাডেমিক ভবন, কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় আলাদা দুটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ, সারিয়াকান্দিতে বাঙ্গালী নদী এবং ধুনটে ইছামতী নদীর ওপর সেতু নির্মাণ, পণ্ডিতপুকুর-কালিগঞ্জ সড়ক, বগুড়া পল্লী উন্নয়ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, সারিয়াকান্দিতে কর্ণিবাড়ি-চন্দনবাইশা পর্যন্ত যমুনা নদীর ডান তীর সংরক্ষণে বিকল্প বাঁধ নির্মাণ, হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন, বগুড়া মহিলা কলেজে একাডেমিক ভবন নির্মাণ, সোনাতলা উপজেলা সদরে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ।