খালেদাকে মাঠে পেয়ে উজ্জীবিত তাবিথ

খালেদা জিয়াকে নির্বাচনী মাঠে পেয়ে উজ্জীবিত বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। এই মেয়র প্রার্থী মনে করেন খালেদা জিয়া প্রচারে থাকলে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যাবেন তিনি।
তাবিথ গতকাল রোববার সকালে প্রচার শুরু করেন মিরপুরের তালতলা থেকে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) বিপুল জনপ্রিয়তা রয়েছে। তিনি প্রচারণায় নামলে নির্বাচনে নতুন মাত্রা যোগ হবে এবং মানুষ আরও বেশি করে আমার পাশে এসে দাঁড়াবে।’
গত শনিবার গুলশান, বনানী, মহাখালী, বাড্ডা ও হাতিরঝিল এলাকায় প্রথমবারের মতো তাবিথের পক্ষে প্রচারে নামেন খালেদা জিয়া। গতকালও তিনি উত্তরায় প্রচারে নামেন।
তালতলা থেকে প্রচার শেষে দুপুর পর্যন্ত কাজীপাড়া, মাতব্বরের পুকুর পাড়, কাজীপাড়া মাদ্রাসা, পূর্ব শেওড়াপাড়া, অরবিটের গলি, ইব্রাহিমপুর বাজার, উত্তর ইব্রাহিমপুর, পুলিশ ব্যাটালিয়ন কলোনি, সেকশন-১৩, বাইশটেকি এলাকায় গণসংযোগ করেন। বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত পল্লবীর ঝুটপট্টি, বেনারসি পল্লি, ১১ নম্বর কাঁচা বাজার, কালশী রোড, সাংবাদিক প্লট, শহীদ জিয়া কলেজসহ বেশ কিছু স্থানে ভোট চান তিনি।