খালেদাকে মায়ার চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু জন্মবার্ষিকীর উপলক্ষে মহানগর আওয়ামী লীগের সভায় বক্তব্য দেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক । ছবি: ফোকাস বাংলা
বঙ্গবন্ধু জন্মবার্ষিকীর উপলক্ষে মহানগর আওয়ামী লীগের সভায় বক্তব্য দেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক । ছবি: ফোকাস বাংলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৯ দলের প্রেসিডেন্ট-সেক্রেটারির নাম বলতে পারলে রাজনীতি ছাড়বেন বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচি সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘রাজনীতির মাঠে হেরে গেলে মাশুল দিতে হয় কর্মীদের। আন্দোলনের নামে তিনি (খালেদা জিয়া) বোমাবাজি, হানাহানি করেন। খালেদা জিয়া এখন মার্চ মাস এলেই আঁতকে ওঠেন। কারণ এই মাসে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, তাঁর জন্ম হয়েছে, স্বাধীনতার ঘোষণা এসেছে।’

বিএনপির নেতারা খালেদা জিয়া প্রসঙ্গে পেছনে অনেক খারাপ কথা বলেন উল্লেখ করে মায়া বলেন, ‘আমি যখন কোনো বিএনপির নেতার সঙ্গে কথা বলি, তখন কী বিশ্রি ভাষায়ই না তাঁদের নেত্রীর সমালোচনা করেন। আমার মনে হয় উনি ১৮ দল নয়, কাজী জাফরের জাতীয় পার্টি নিয়ে সাড়ে ১৮ দলের প্রেসিডেন্ট-সেক্রেটারির নামও বলতে পারবেন না।’

বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ঢাকা মহানগরের ২৭ বছরের সভাপতি খোকা পদত্যাগ করেছেন। আমরা মনে করেছিলাম, ব্যর্থতা নিয়ে খালেদা জিয়াই রাজনীতি থেকে পদত্যাগ করবেন। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনি।’

নানক বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘নির্বাচনে জিতলে বলবেন সুষ্ঠু হয়েছে আর হারলে বলবেন কারচুপি। এই ডাবল স্ট্যান্ড বাদ দিন। নির্বাচনে জিতলেও স্বাগত, হারলেও স্বাগত জানানোর মানসিকতা নিয়ে আসতে হবে।’ তিনি দাবি করেন, গত দুটি ধাপে বিদ্রোহী প্রার্থী থাকার ফলে নির্বাচনে আওয়ামী লীগ ভালো ফল করতে পারেনি। ‘কিন্তু তৃতীয় ধাপে বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণ করতে পারায় আমাদের জয় বেশি হয়েছে। আশা করি, আগামী ধাপগুলোতে আমরা বিজয়ী হব।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত মহাসচিব এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, প্রচার সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল শনিবার ৮১টি উপজেলায় নির্বাচন হয়। এর মধ্যে ৭৮টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত ৩৭ জন ও বিএনপি-সমর্থিত ২৬ জন জয়ী হয়েছেন। এ ছাড়া জামায়াতে ইসলামী-সমর্থিত আটজন, আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি—জেএসএসের (সন্তু লারমা) সমর্থিত দুজন, এলডিপি-সমর্থিত একজন ও বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। এ ছাড়া চাঁদপুরের হাজীগঞ্জ, বরিশালের হিজলা ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় ফল পাওয়া যায়নি।