পূর্বনির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার পরিকল্পনার অংশ এটি। তিনি মামলাটি আগের আদালতে ফিরিয়ে নেওয়ার দাবি জানান।
প্রসঙ্গত, গত বুধবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী বিশেষ এজলাসে হবে। এত দিন এ দুটি মামলা পরিচালিত হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে স্হাপিত এজলাসে।
দেশে একের পর এক অপহরণ, গুম ও খুনের ঘটনায় বিএনপিকে নারায়ণগঞ্জে সমাবেশ করতে না দেওয়ারও নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এটি গণতন্ত্রের প্রতি একটি বড় আঘাত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভী পুনরায় বিষয়টি ভেবে দেখবেন বলে আশা করেন ফখরুল।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা দাবি করেন, তাঁকে বিদেশ যেতে দেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন ওপরের নির্দেশে এটি করা হয়েছে।
সাদেক হোসেন নারায়ণগঞ্জের ঘটনায় শুধু র৵াবের তিন কর্মকর্তার নয়, বরং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও র৵াবের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও এই মামলায় আসামি করার দাবি জানান৷