খালেদাকে রাজনীতির বাইরে রাখলেই জঙ্গি উৎপাত বন্ধ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখলেই জঙ্গি উৎপাত বন্ধ হবে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া দুটি জিনিস প্রমাণ করেছেন—তিনি জঙ্গিদের দোসর, সঙ্গী ও প্রতিনিধি এবং ভয়ংকর খুনিদের সিন্ডিকেট-প্রধান ও পাকিস্তানিদের নব্য দালাল। তাই জঙ্গিদের যেমন নির্মূল ও ধ্বংস করতে হবে, তেমনি ‘জঙ্গি প্রতিনিধি’ খালেদা জিয়াকেও রাজনীতি থেকে সম্পূর্ণ বিদায় জানাতে হবে।

তথ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, খালেদা জিয়া ও বিএনপি মুখে যতই গণতন্ত্র ও নির্বাচনের কথা বলুক না কেন, তারা আসলে জঙ্গিদের দোসরের ভূমিকা পালন করছে। তিনি বলেন, জঙ্গিরা ভয়ংকর খুনি। এরা ধর্ম মানে না, মানবতা মানে না। এরা মানবরূপী দানব।

সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার উপস্থিত ছিলেন।