খালেদাকে রিমান্ডে নেওয়ার কথা বললেন হানিফ
শেখ হাসিনা নয়, খালেদা জিয়াকেই রিমান্ডে নিলে জিয়াউর রহমানের হত্যাকারী কে, তা জানা যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় তাঁর বাড়িতে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।
তারেক রহমানের উদ্দেশে হানিফ বলেন, ‘আমি তাঁর সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। শুধু জনগণের পক্ষ থেকে তাঁকে বলতে চাই, উনার (তারেক) বাবার হত্যার বা জিয়া হত্যার ঘটনা যদি সত্যিকার অর্থে জানতেই হয় রিমান্ডে শেখ হাসিনাকে নয়, রিমান্ডে নিয়ে তাঁর মা খালেদা জিয়াকে জিজ্ঞাসা করলেই জানা যাবে তাঁর বাবার হত্যাকারী কে ছিল।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, আজকে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশে বিদ্যুত্ চাহিদা মোকাবিলা করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে উন্নতি হয়েছে। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করা হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, ‘জনগণ কিছু পেতে চায়, তারা আন্দোলন দেখতে চায় না, ছয় মাস পর পর নির্বাচনও দেখতে চান না। বিএনপির এ সমস্ত আন্দোলন জনগণই প্রত্যাখ্যান করবে। এটা নিয়ে আমাদের ভাবনার কিছু নেই।’
এ সময় সেখানে শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাসসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।