খালেদাকে সংবিধান মেনে আলোচনায় আহ্বান সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সংবিধান মেনে, স্বাধীনতার মূল্যবোধের প্রতি আস্থা রেখে আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

আজ সোমবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠীর এক আলোচনা সভায় সুরঞ্জিত এ আহ্বান জানান।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ সব সময় আলোচনায় বিশ্বাসী। তবে খালেদা জিয়া কখন কোথায় কোন বিষয় নিয়ে আলোচনা করবেন, সেটা আগে নির্ধারণ করুন।’

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে খালেদা জিয়ার সংলাপের ইচ্ছা প্রকাশকে স্বাগত জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘আপনি সংলাপে বসতে রাজি, ভালো কথা। কিন্তু এ জন্য আপনাকে সংঘাতের রাজনীতি পরিহার করতে হবে। কারণ অতীতে আপনি সংলাপকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে সংঘাতের রাজনীতি করেছেন।’

সুরঞ্জিত বলেন, প্রধানমন্ত্রী যখন তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তিনি গোঁ ধরে না থাকলে দেশে এই কৃত্রিম সংকট সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুকন্যা সব সময় গণতন্ত্র ও আলোচনায় বিশ্বাসী। আওয়ামী লীগ কখনো আলোচনার পথ বন্ধ করেনি, করবে না। সাংবিধানিক প্রক্রিয়া মেনে নিলে, সংলাপের পথে কোনো বাধা নেই।

আওয়ামী লীগের এই নেতা খালেদা জিয়ার প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু উপনির্বাচনে কেন অংশ নিচ্ছেন না?’

সংসদে আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি পশ্চিম থেকে পূর্ব দিকে সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে। বাংলাদেশ ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাজেট প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, বাজেটে কোনো কিছুর দাম বাড়েনি, তাই মানুষ খুশি। বিএনপিও মানি না, মানব না মিছিল করেনি। বাজেটকে যতই উচ্চাভিলাষী, স্বপ্নবিলাসী—নানা বিশেষণে বিশেষায়িত করা হোক না কেন, সবার পক্ষ থেকে সহযোগিতা করলে কার্যকর করা যাবে।

স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন, ফয়েজউদ্দিন মিয়াসহ প্রমুখ বক্তব্য দেন।