খালেদাকে ১০ আগস্ট হাজির হতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ রোববার বিশেষ জজ আদালতে যাননি। আগামী ১০ আগস্ট তাঁকে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ ২ এর বিচারক হোসনে আরা বেগম এ আদেশ দেন। আজ এই মামলায় খালেদা জিয়ার উপস্থিতির দিন ধার্য ছিল। নিরাপত্তাজনিত কারণে হাজির হতে পারেননি উল্লেখ করে আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে ১০ আগস্ট নতুন তারিখ ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ প্রথম আলোকে বলেন, এ মামলায় আজ শুধু আসামিপক্ষের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। এ মামলায় আরও দুই আসামিপক্ষে মামলার কার্যক্রম স্থগিত আছে। খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত ১০ আগস্ট তাঁকে উপস্থিত থাকার আদেশ দিয়েছেন।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগে শাহবাগ থানায় দুদক এই মামলা করে। ওই বছরের ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুদক। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। ওই বছরের ১৬ অক্টোবর এ মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। উচ্চ আদালত খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন।

খালেদা জিয়া ছাড়া বাকি আসামিরা হলেন, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, সাবেক সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

মামলার ১৬ আসামির মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আর সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান মারা যাওয়ায় মামলার দায় থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।