খালেদাকে ১০ এপ্রিল হাজিরা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ১০ এপ্রিল হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। গতকাল রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাটিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও খালেদা জিয়া হাজির হননি। তাঁর পক্ষে সময় আবেদন করা হয়। আদালত আসামিপক্ষের আইনজীবীদের বলেন, ‘গত তারিখে আপনারা বলেছিলেন, আজ খালেদা জিয়াকে হাজির করবেন। এখন বলুন কী আদেশ হওয়া উচিত।’ খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, ‘ম্যাডাম চোখের সমস্যার কারণে হাজির হতে পারেননি।’ আদালত সময় আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। এই নির্দেশ না মানলে ওই দিন অন্য রকম আদেশ হবে বলে সতর্ক করে দেওয়া হয়।