
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ১৭ এপ্রিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
আজ এ মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। আজ খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাঁর পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এ ছাড়া এ মামলায় জামিনে থাকা দুই আসামি জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা নাকচ করেন। পরে জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এ মামলায় পলাতক আসামি হারিছ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
আইনজীবী সানাউল্লাহ মিয়া আজ খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, খালেদা জিয়া অসুস্থ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন সময় আবেদনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আইনজীবীদের বলেন, এবারের মতো সময়ের আবেদন মঞ্জুর করা হলো। এর পরবর্তী ধার্য তারিখে খালেদা জিয়া হাজির না হলে আইনের গতিতে মামলা চলবে। আদালত ১৭ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচার কাজ চলছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
এদিকে একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার বিচার চলছে। এ মামলায় আজ তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশিদকে খালেদা জিয়ার পক্ষে জেরা শুরু হয়েছে। খালেদা জিয়ার পক্ষের আইনজীবী আবদুর রেজ্জাক খান তাঁকে জেরা করেন। আজ জেরা শেষ না হওয়ায় আদালত ২১ এপ্রিল নতুন তারিখ ধার্য করেছেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এই মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। উচ্চ আদালত তা খারিজ করে দিয়েছেন।