খালেদাকে ২৪ জুলাই আদালতে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নয় আসামিকে আগামী ২৪ জুলাই হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ আদেশ দেন।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের পেশকার দেওয়ান আশিক। তিনি প্রথম আলোকে বলেন, মামলার দুই আসামি আজ আদালতে হাজির হয়ে জামিন নেন। বাকি নয় আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আর এক আসামি শুরু থেকে পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলেছেন আদালত।

নথি থেকে জানা যায়, মামলার ১৬ আসামির মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আর সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান মারা যাওয়ায় মামলার দায় থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বছরের ১৮ সেপ্টেম্বর বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতির মামলা বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করেন হাইকোর্ট। আর গত ২৫ মে বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির অভিযোগে করা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক মামলাটি করে। পরে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। প্রাথমিক শুনানি শেষে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ রুল দেন। তাঁর বিরুদ্ধে বড়পুকুরিয়া মামলা কেন বাতিল করা হবে না, তা ওই রুলে জানতে চাওয়া হয়। এ ছাড়া নিম্ন আদালতে এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন আদালত।