রেলমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকেই সংসদে উপস্থাপন করতে হবে। যুক্তিসংগত, গণতন্ত্র ও সংবিধানসম্মত হলে তা গ্রহণ করা হবে। গতকাল শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুর স্মরণসভায় তিনি এ কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে যারা বাধা দিতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার যে সিদ্ধান্ত প্রস্তাব সংসদে পাস হয়েছে, তা জনগণের দাবিরই প্রতিধ্বনি। এতে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এটি সাংবিধানিক এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য আইনে পরিণত হবে। আইন মন্ত্রণালয় এ ধরনের আইন করার জন্য প্রস্তাব আকারে দ্রুত সংসদে উপস্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।রেলমন্ত্রী বলেন, সব দলের অংশগ্রহণের ভিত্তিতে আগামী নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘সংসদে আসতে আপনার তো কোনো উকিল-মোক্তার লাগবে না। সংসদে আসুন, যতক্ষণ খুশি কথা বলুন।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারা যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানবতার বিরুদ্ধে অপরাধীদের সারা বিশ্বের মানুষ ঘৃণা করে। এই অপরাধীদের রক্ষায় যারা রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তারাও অপরাধী। বিএনপি রাজনৈতিকভাবে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে বলেই তারা এ আইনে ভয় পাচ্ছে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, দেশে ক্রান্তিকাল চলছে। কারণ বিগত ৪০ বছরে যা হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলছে। এই বিচার বানচালের জন্য দেশে ও বিদেশে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রকে ধ্বংস করতে আন্দোলনের নামে অশালীন ভাষা ব্যবহার করছেন। একের পর এক মিথ্যাচার করে সরকারকে জনগণের কাছে হেয় করতে চান। মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের নেতা ফয়েজ উদ্দিন মিয়া, হুমায়ুন কবির প্রমুখ।