খালেদার অনুপস্থিতিতে জেরা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলার জেরা ও সাক্ষ্যগ্রহণ আজ সোমবার শুরু হয়েছে। রাজধানীর বকশি বাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে মামলার বিচারিক কার্যক্রম চলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্টের আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা করে।

দেশে ফিরলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় আদালতে অনুপস্থিতির জন্য খালেদা জিয়ার পক্ষে আবেদন করেন তাঁর আইনজীবী। খালেদার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীর জেরা ও নতুন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের আদেশ দেন আদালত।

এ মামলার সাক্ষী সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অডিট ডিভিশনের ডিজিএম আবদুল গাফফার, সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. হারুনুর রশীদ ও হারুনুর রশীদ ফকিরকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এরপর ওই ব্যাংকের কর্মকর্তা আমিন উদ্দিন আহমেদকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আগামী বছরের ১৪ জানুয়ারি জেরা ও নতুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়। এর বিরুদ্ধে খালেদা জিয়ার করা বাতিল আবেদনের শুনানি শেষে ২০১১ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট তা খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। এর বিরুদ্ধে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি একটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন। এই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা রিট ২৩ এপ্রিল হাইকোর্টে খারিজ হয়। পরে ৭ জুলাই পৃথক দুটি লিভ টু আপিল করা হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।