জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গতকাল বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাঁর অনুপস্থিতিতে মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩। ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
একই আদালতে বিচারাধীন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলারও গতকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্যও ১৫ জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।
পুরান ঢাকায় আলিয়া মাদ্রাসার মাঠে নির্মিত অস্থায়ী ভবনে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলা দুটির বিচারকাজ চলছে।
গতকাল খালেদা জিয়ার পক্ষেÿসময় চেয়ে তাঁর আইনজীবীরা আদালতে তিনটি আবেদন করেন। আইনজীবীরা আদালতকে বলেন, এর আগে গত ২৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করা হয়। এর পরও তিনি আদালতে হাজির হয়েছিলেন। এখন তাঁকে কার্যালয়ে অবরুদ্ধ ও তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। তাই সময় প্রয়োজন।
এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা বলেন, খালেদা জিয়াকে কেউ অবরুদ্ধ করে রাখেনি। তিনি ইচ্ছা করেই আদালতে হাজির হননি। সাক্ষী হাজির আছেন।
তখন আসামিপক্ষের আইনজীবীরা বলেন, খালেদা জিয়াকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হলে তিনি অবশ্যই আদালতে হাজির হবেন।
বিচারক আবু আহমেদ জমাদার বলেন, আসামি নিজের জিম্মায় জামিনে আছেন। জামিনে থাকা কোনো আসামিকে নিরাপত্তা দেওয়া আদালতের এখতিয়ারে নেই। আদালত আরও বলেন, সাক্ষ্য গ্রহণ ও মুলতবির বিষয় নিয়ে এভাবে ঘণ্টার পর ঘণ্টা পাল্টাপাল্টি শুনানি করলে আদালত প্রতিদিন বসবে। সবার কথা শুনবে।
এরপর উভয় পক্ষের আইনজীবীরা শান্ত হন। আদালত মামলার বাদী দুদকের উপপরিচালক হারুণ অর রশিদের আংশিক সাক্ষ্য গ্রহণ করেন। বেলা দেড়টার দিকে আসামিপক্ষের আইনজীবীরা আরেকটি দরখাস্ত দিয়ে সময় চাইলে আদালত সাক্ষ্য কার্যক্রম মুলতবি করে পরবর্তী তারিখ ধার্য করেন।