খালেদার অস্ত্র ভোঁতা হয়ে গেছে: তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আন্দোলনের একটি অস্ত্র থাকে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেই অস্ত্র ভোঁতা হয়ে গেছে।’ আজ রোববার দুপুরে ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা বাজারে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের জন্য তিনি (খালেদা জিয়া) হুমকি দিতে পারেন, কিন্তু আন্দোলন করে সরকার অপসারণ করা কিংবা সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হবে না। কারণ বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত।’
ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। পাঁচ বছর পর, ২০১৯ সালে ২৯ জানুয়ারির ৯০ দিন আগে বাংলাদেশে আরেকটি নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে তখন সংলাপ হবে, আলোচনা হবে। খালেদা জিয়া ঈদের পর আন্দোলন করার হুমকি দিচ্ছেন। সেই আন্দোলন হবে অগণতান্ত্রিক। এর আগে ৫ জানুয়ারির আগে নির্বাচন প্রতিহত করতে অগণতান্ত্রিক আন্দোলন করেছিলেন। সেটি ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবেন।
সভায় আরও বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক আবদুল মমিন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস প্রমুখ।