খালেদার আইনজীবীদের আদালতের প্রতি অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী সাক্ষ্য নেওয়ার তারিখ ২৯ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার মামলার সাক্ষ্য নেন। খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন।

সকালে আদালতে খালেদা জিয়ার পক্ষে দুটি পৃথক আবেদন করা হয়। আদালত খালেদা জিয়ার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করেন। তবে সাক্ষ্য গ্রহণ মুলতবি করার আবেদন নাকচ করেন। এরপর তাঁর আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানান। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মুলতবি ঘোষণা করা হয়। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ২৯ জানুয়ারি ধার্য করা হয়েছে।

দুর্নীতির মামলায় হাজিরা দিতে ৭ জানুয়ারি আদালতে যাননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই দিন মামলার সাক্ষ্য নেওয়া পেছাতে খালেদা জিয়ার পক্ষে করা আবেদন নামঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের আদেশ দেন আদালত। খালেদা জিয়া তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ। তা ছাড়া তিনি অসুস্থ। এ কারণে তিনি ওই দিন আদালতে যেতে পারছেন না বলে বিএনপির চেয়ারপারসনের আইনজীবীরা জানান।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন। এই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা রিট ২৩ এপ্রিল হাইকোর্টে খারিজ হয়। পরে ৭ জুলাই পৃথক দুটি লিভ টু আপিল করা হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।