খালেদার আচরণবিধি মেনে চলা উচিত: আনিসুল হক

নির্বাচনের আচরণবিধির প্রতি সম্মান দেখানোর জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুরোধ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থী আনিসুল হক। তিনি বলেছেন, খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী বিশাল বহর নিয়ে কারও পক্ষে প্রচার চালানোর নিয়ম নেই।
আজ শনিবার আনিসুল হক রাজধানীর তেজগাঁও কলেজে তাঁর নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। দেশে নির্বাচনের জন্য স্বাভাবিক অবস্থা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো অস্বাভাবিক অবস্থা দেখছি না। আমরা তো স্বাভাবিকভাবেই ভোটের প্রচার চালাচ্ছি।’
নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আনিসুল হক বলেন, ‘নির্বাচন কমিশন যা ভালো মনে করবে আমাদের তাতে সায় আছে। তারা যদি মনে করে সেনাবাহিনী নামানো হলে ভোটারদের মধ্যে আস্থা বাড়বে, তাহলে তা তারা করতে পারে। আমার তাতে কোনো আপত্তি নেই।’
তেজগাঁও কলেজ চত্বরে অনুষ্ঠিত ওই সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন-বিষয়ক সমন্বয়কারী কর্নেল (অব.) ফারুক খান বক্তব্য রাখেন। তিনি খালেদা জিয়ার গাড়িবহরে হামলা প্রসঙ্গে বলেন, হামলার আভিধানিক অর্থ হচ্ছে কেউ যদি কারও আক্রমণের কারণে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাকে হামলা বলে। কিন্তু কারওয়ান বাজার ও বাংলামোটরের ঘটনায় খালেদা জিয়া শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি। তিনি এর পরই শাহজাহানপুরে সমাবেশ করেছেন। এত জ্বালাও-পোড়াও করার পর খালেদা জিয়ার ভোট চাওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।
তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ সমাবেশের সঞ্চালনার সময় দেওয়া বক্তব্যে বলেন, কারওয়ান বাজার এলাকায় বিএনপির কাউন্সিলরের সমর্থন দেওয়া নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে খালেদা জিয়ার ওপরে হামলা হয়েছে। সমাবেশে উপস্থিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ভাইসহ ছাত্রলীগের অন্যান্য ভাইরা।’
সমাবেশ শেষ করে আনিসুল হক মিরপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন।