জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজির হওয়ার জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার এ মামলায় খালেদা জিয়ার হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। তবে তিনি যাননি। তাঁর আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। তাতে বলা হয়, এই মামলার বাদীকে পুনরায় জেরা করতে না দেওয়ায় খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে দুটি আবেদন করা হয়। হাইকোর্ট ওই আবেদন দুটি খারিজ করেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ ১ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার আবেদন জানান আইনজীবীরা।
শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার ১৪ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় গতকাল আরও দুই সাক্ষীকে জেরা শেষ হয়েছে। আসামিপক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের হিসাবরক্ষক মাজেদ আলী ও প্রাইম ব্যাংকের কর্মকর্তা আফজাল হোসেনকে আসামিপক্ষে জেরা করা হয়। আদালত ১৪ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।