খালেদার আদালতে যাওয়ার সম্ভাবনা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী ধার্য তারিখ ৪ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে যাওয়ার সম্ভাবনা কম। তবে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ বা রাজনৈতিক কৌশল কী হবে, সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য জানিয়ে বলেছে, খালেদা জিয়া চলমান আন্দোলনের চূড়ান্ত পরিণতি পর্যন্ত গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়েই থাকার ব্যাপারে এখনো অনড় রয়েছেন। সরকার গ্রেপ্তার করতে চাইলে কার্যালয় থেকেই করুক—খালেদা জিয়ার মনোভাব অনেকটাই এমন বলে জানিয়েছেন গুলশান কার্যালয়ে থাকা দলের নেতারা।
দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, পরবর্তী ধার্য তারিখে আদালতে খালেদা জিয়ার আইনজীবীরা ‘নিরাপত্তাজনিত’ সমস্যা তুলে ধরতে পারেন। এ ক্ষেত্রে গত ২৪ ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালতে এ মামলায় খালেদা জিয়া হাজিরা দিতে যাওয়ার পথে পুরান ঢাকার বকশীবাজার এলাকায় বিএনপির সমর্থকদের ওপর সরকার-সমর্থকদের হামলার ঘটনাটি উল্লেখ করা হবে।
এই বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, ৪ মার্চ পর্যন্ত সময় আছে। তিনি বলেন, ‘যে পর্যন্ত খালেদা জিয়া নিরাপত্তাবোধ না করেন, তত দিন ইচ্ছা থাকা সত্ত্বেও তাঁর আদালতে উপস্থিত হওয়া সম্ভব না। আমরা আশা করি, সরকারের আইন কর্মকর্তারা নিজেরাই বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং পরোয়ানার আদেশ স্থগিত রাখার আবেদন করবেন। যাতে খালেদা জিয়া পরবর্তী সময়ে আদালতে উপস্থিত থাকতে পারেন এবং এ ব্যাপারে নির্দেশনা চাইতে পারেন।’
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার দাবি, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে সরকারের রাজনৈতিক কৌশল রয়েছে। খালেদা জিয়া আগামী ধার্য তারিখে আদালতে গিয়ে জামিন আবেদন করলে হয়তো জামিন পাবেন। কিন্তু তাঁদের আশঙ্কা, এ মামলায় জামিন নিতে গেলে খালেদা জিয়াকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। যদি গ্রেপ্তার করা না-ও হয়, তাহলে তিনি আর গুলশান কার্যালয়ে ফিরতে পারবেন না। তার আগেই সরকার ওই কার্যালয়ে তালা লাগিয়ে নিয়ন্ত্রণ নিতে পারে।
২৪ ডিসেম্বরের পর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তিনটি ধার্য তারিখ গেছে। কিন্তু খালেদা জিয়া আর বিচারিক আদালতে হাজির হননি। সর্বশেষ গত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আরেক আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৪ মার্চ আদালতে হাজির করতে তাঁর আইনজীবীকে নির্দেশ দেন। অবশ্য, গতকাল শনিবার পর্যন্ত আদালতের পরোয়ানা গুলশান ও ক্যান্টনমেন্ট থানায় পৌঁছেনি বলে জানা গেছে।
আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ অভিযোগ করেন, ইতিপূর্বে আদালতে যাওয়ার পথে সরকারি দলের সন্ত্রাসীরা পুলিশি সহায়তায় খালেদা জিয়ার গাড়িবহরে সশস্ত্র হামলা চালিয়ে অনেক নেতা-কর্মীকে নির্মমভাবে নির্যাতন করেছে। সেই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করায় নিরাপত্তাহীনতার কারণে খালেদা জিয়ার আদালতে উপস্থিত হতে অপারগতার কথা আদালতকে জানানো হয়। এর পরও সরকারি প্রভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ ছাড়া টানা অবরোধ কর্মসূচির মধ্যে আজ রোববার থেকে আবার ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। যা বুধবার সকাল ছয়টায় শেষ হবে। এরপর আবার হরতাল কর্মসূচি বাড়ানো হতে পারে বলে জোটের একাধিক নেতা জানান। এ অবস্থায় কর্মসূচি ভেঙে খালেদা জিয়ার আদালতে যাওয়ার সম্ভাবনা নেই।