রেলমন্ত্রী মজিবুল হক বলেছেন, খালেদা জিয়ার আন্দোলন রেলে আগুন দেওয়ার আন্দোলন, ফিশপ্লেট খুলে ফেলার আন্দোলন ও মানুষ মারার আন্দোলন। গতকাল শনিবার রাজশাহী রেলওয়ে স্টেশনে ঈদ উপলক্ষে যাত্রীদের সেবা দেওয়ার বিষয়ে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ব্রিফিং এবং জনগণের সহযোগিতা কামনা করতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী রেলে নাশকতার জন্য খালেদা জিয়াকে দোষারোপ করে আরও বলেন, খালেদা জিয়া জনস্বার্থে, গণতন্ত্রের স্বার্থে রাজনীতি করেন না। তিনি করেন নাশকতার রাজনীতি, ধ্বংসের রাজনীতি।
রেলমন্ত্রী মজিবুল হক বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও পশ্চিমাঞ্চল রেলওয়ে তাঁর কাছে যে দাবিগুলো করেছে সবই যৌক্তিক দাবি। তিনি জানান, রাজশাহীবাসীর প্রাণের দাবি রাজশাহী থেকে চট্টগ্রাম-কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু করা। এর জন্য রাজশাহী থেকে আবদুলপুর পর্যন্ত ৪৬ কিলোমিটার রেলপথ মিশ্রগেজে পরিণত করতে হবে। অচিরেই ওই মিশ্রগেজ বাস্তবায়ন করা হবে। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত বর্তমানে তিনটি ট্রেন চলছে। অচিরেই আরও একটি ট্রেন ওই বহরে যুক্ত করা হবে।
আলোচনা সভায় রাজশাহীবাসীর পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী থেকে ননস্টপ ঢাকাগামী শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন, আবদুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডুয়েল গেজ, রাজশাহী-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল চালু, রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত কৃষিপণ্যবাহী আলাদা ট্রেনের ব্যবস্থা, পূর্ণাঙ্গ রেলভবন নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। সেই সঙ্গে তিনি এসব দাবি অল্প সময়ের মধ্যে পূরণের জোর দাবি জানান।