খালেদার আন্দোলন মানুষ মারার আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজিবুল হক। ফাইল ছবি
মুজিবুল হক। ফাইল ছবি

রেলমন্ত্রী মুজিবুল হকের অভিযোগ, খালেদা জিয়ার আন্দোলন রেলে আগুন দেওয়ার আন্দোলন, ফিশ প্লেট খুলে ফেলার আন্দোলন ও মানুষ মারার আন্দোলন।

আজ শনিবার রাজশাহী রেলওয়ে স্টেশনে ঈদ উপলক্ষে যাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ব্রিফিং ও জনগণের সহযোগিতার বিষয়ে আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী রেলে নাশকতার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দোষারোপ করে আরও বলেন, ‘খালেদা জিয়া জনস্বার্থে বা গণতন্ত্রের স্বার্থে রাজনীতি করেন না। তিনি করেন নাশকতার রাজনীতি, ধ্বংসের রাজনীতি। তাঁর উসকানিতে রেলে বহুবার হামলা হয়েছে, ফিশ প্লেট খুলে ফেলা হয়েছে, রেললাইন উপড়ে ফেলা হয়েছে। তাঁর উসকানিতেই রেলস্টেশনে, ইঞ্জিনে, রেলের বগিতে আগুন দেওয়া হয়েছে। হত্যা করা হয়েছে রেলওয়ের কর্মীদের।’


পশ্চিমাঞ্চল রেলের উন্নয়ন সম্পর্কে রেলমন্ত্রী বলেন, পশ্চিমাঞ্চল রেলের রাজশাহীর মহাব্যবস্থাপকের অফিস রিমডেলিং করা হবে। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত বর্তমানে তিনটি ট্রেন চলছে। অচিরেই আরও একটি ট্রেন ওই বহরে যুক্ত করা হবে। ভারতের সঙ্গে রেল যোগাযোগ বৃদ্ধির জন্য রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত রেললাইন সংস্কার করা হবে। জনগণ ও রেলের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য রাজশাহী রেলওয়ে হাসপাতালের উন্নয়ন ঘটানো হবে।


ঈদে রেলপথে যাত্রী বহনের প্রস্তুতি সম্পর্কে রেলমন্ত্রী বলেন, রেলের কাছে সাধারণ মানুষের চাওয়া অনেক, আকাঙ্ক্ষা অনেক। কিন্তু সীমিত সম্পদের কারণে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ২০৫টি ইঞ্জিন দিয়ে ট্রেনের বহর চলছে। ঈদের জন্য সৈয়দপুর ও পাহাড়তলীতে ১৬৬টি কোচ প্রস্তুত করা হয়েছে। ঈদ উপলক্ষে এগুলো যাত্রী বহনে ব্যবহার করা হবে। এ ছাড়াও ভারতের অর্থায়নে ১২০টি এবং এডিবির অর্থায়নে ১৫০টি কোচ আনা হচ্ছে। এগুলো রেলবহরে যুক্ত হবে। এ পর্যন্ত ৪৬টি নতুন ইঞ্জিন রেলবহরে যুক্ত হয়েছে, আরও ৭০টি ইঞ্জিন অচিরেই আনা হবে।


আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী থেকে ননস্টপ ঢাকাগামী এসি ট্রেন, আবদুল্লাহপুর থেকে রাজশাহী পর্যন্ত ডুয়েল গেজ, রাজশাহী-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল চালু, রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত কৃষিপণ্যবাহী আলাদা ট্রেনের ব্যবস্থা, পূর্ণাঙ্গ রেলভবন নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।


মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রেলের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বলেন, ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে সরকার রেলের সব ধরনের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করেছে। এ বিষয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে মন দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, ‘দেশে সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। প্রতিমন্ত্রী যে সব দাবি তুলে ধরছেন, তা অত্যন্ত ন্যায্য। পর্যায়ক্রমে এসব দাবি সবই পূরণ করা হবে।’


মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার জাহান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন আয়েন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।