খালেদার আপত্তি খারিজ ২৫ এপ্রিল আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গতকাল সকালে আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা  জিয়া l প্রথম আলো
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গতকাল সকালে আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া l প্রথম আলো

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপত্তি এবং তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য পুনরায় তলবের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য ২৫ এপ্রিল নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার।
গতকাল এ মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। সকাল সাড়ে ১০টায় তিনি আদালতে হাজির হন।
শুরুতেই খালেদার আইনজীবী এ জে মোহাম্মদ আলী মামলার কেস ডকেট চেয়ে আবেদন করেন। তিনি বলেন, আসামিপক্ষের জেরায় মামলার তদন্ত কর্মকর্তা স্বীকার করেছেন যে তিনি কেস ডকেট (সিডি) দেখে জেরার জবাব দিয়েছেন। সাক্ষ্য আইনানুসারে তিনি তা পারেন না।
এ সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, আসামিপক্ষের আইনজীবী আদালতে ভুল ব্যাখ্যা দিয়েছেন। তদন্ত কর্মকর্তার কেস ডকেট দেখে সাক্ষ্য দিতে আইনগত কোনো বাধা নেই।
শুনানি শেষে আদালত খালেদা জিয়ার পক্ষে এই আবেদন নাকচ করে দেন। এরপর তাঁর আইনজীবীরা তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচারক হারুন-অর-রশিদকে পুনরায় জেরার জন্য তলবের আবেদন জানান। আইনজীবীরা বলেন, দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্তের পর হারুন-অর-রশিদকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল, যা পরে উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। তিনি কীভাবে আবার নিয়োগ পেলেন, তা তিনি আদালতের কাছে গোপন করেছেন। এ বিষয়ে জেরা করতে তাঁকে তলব করা প্রয়োজন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, তদন্ত কর্মকর্তার নিয়োগ নিয়ে একাধিকবার জেরা করা হয়েছে। নতুন করে জেরা করার কিছু নেই।
শুনানি শেষে আদালত আসামিপক্ষের দ্বিতীয় আবেদনও নাকচ করে দেন এবং আত্মপক্ষ সমর্থন করবেন কি না, খালেদা জিয়ার কাছে জানতে চান। তখন খালেদা জিয়ার আরেক আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতকে বলেন, তাঁরা দুটি আবেদন করেছেন, আদালত দুটিই নাকচ করেছেন। এই নাকচ আবেদনের বিরুদ্ধে খালেদা জিয়া উচ্চ আদালতে যাবেন। এ জন্য এক সপ্তাহের সময় চান তাঁরা। আদালত তা মঞ্জুর করে ২৫ এপ্রিল নতুন তারিখ ধার্য করেন।