খালেদার আপিল শুনানি পেছাল, পুনর্বিবেচনার শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল ও সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদন শুনানির জন্য ৯ জুলাই দিন রেখেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ খালেদার আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি এক দিন পিছিয়ে এদিন ধার্য করেন।

এর আগে ১৬ মে আপিল বিভাগ এক আদেশে ওই আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন। এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে খালেদা জিয়া ২৫ জুন আপিল বিভাগে আবেদন করেন, যার ওপর কাল সোমবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য রয়েছে।

ওই পুনর্বিবেচনার আবেদন করার কথা জানিয়ে ৩ জুলাই হাইকোর্টের ওই বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি মুলতবির আবেদন জানালে সেদিন আদালত ৮ জুলাই আপিল শুনানির দিন রাখেন। এরপর আপিল বিভাগের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন ৫ জুলাই চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করেন খালেদার আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতে সেদিন চেম্বার বিচারপতি পুনর্বিবেচনার আবেদন ৯ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এ অবস্থায় আজ ধার্য তারিখে খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে সময়ের আবেদন জানান। খালেদার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল। পরে আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, পুনর্বিবেচনার আবেদন সোমবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য আছে। তাই এক দিন সময় চাওয়া হলে হাইকোর্ট সোমবার বেলা দুইটায় আপিল শুনানির জন্য সময় নির্ধারণ করেন।

বিশেষ ক্ষমতা আইনে মামলা, শুনানি শুরু
এদিকে বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লায় করা এক মামলা বাতিল ও জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। কাল সোমবার এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

আইনজীবী সূত্র বলেছে, বাসে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ওই মামলা করা হয়। গত বছরের ২ মার্চ ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করা হয়। এই মামলা বাতিল চেয়ে ২৭ মে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। এর ওপর আগে দুদিন শুনানি হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন বিচারিক আদালত। এরপর থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি। এই সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। হাইকোর্টের জামিন বহাল রেখে ১৬ মে রায় দেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদার করা আপিল হাইকোর্টে ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়। এর আগে দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের শুনানি নিয়ে ২৮ মার্চ হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বৃদ্ধি প্রশ্নে রুল দেন। আর ওই মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে কারাগারে থাকা কাজী সালিমুল হক ওরফে কাজী কামাল ও শরফুদ্দিন আহমেদ পৃথক আপিল করেন। আজ এই তিন আপিল ও দুদকের আবেদন হাইকোর্টের ওই বেঞ্চে শুনানির জন্য তালিকায় ছিল।