খালেদার আবেদন খারিজ, গ্যাটকো মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাটকো দুর্নীতি মামলা চলার পক্ষে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। এর ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ মামলাটি অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে।

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০১৫ সালের ৫ আগস্ট হাইকোর্ট রুল খারিজ (ডিসচার্জ) করে রায় দেন। সেই সঙ্গে মামলার কার্যক্রমে এর আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এর ফলে মামলা চলার পথ খোলে। এই রায়ের অনুলিপি বিচারিক আদালতে পৌঁছার দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

গত বছরের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। ওই বছরের ৫ এপ্রিল বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা জিয়া। এরপর পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পেয়ে গত বছরের ১০ মে লিভ টু আপিল করেন তিনি, যার ওপর গত রোববার শুনানি শেষে গতকাল আদেশ দেন আদালত।