খালেদার আবেদনের ওপর আদেশ কাল

জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলার একটি অংশ পুনরায় তদন্ত চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর কাল বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটির ওপর শুনানি নিয়ে আদেশের দিন ধার্য করেন।
হাইকোর্টের একই বেঞ্চে গতকাল মঙ্গলবার আবেদনটি করেন খালেদা জিয়া। আবেদনটি শুনানির জন্য আজ আদালতের কার্যতালিকায় আসে।
জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলার একটি অংশ পুনরায় তদন্ত চেয়ে খালেদা জিয়ার করা আবেদন গত ২ ফেব্রুয়ারি বিচারিক আদালতে নামঞ্জুর হয়। বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে ১ মার্চ হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া।
আজ হাইকোর্টে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান। সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
আবেদনে মামলার একটি অংশ পুনরায় তদন্তের আবেদন খারিজের আদেশ কেন বাতিল হবে না এবং মামলার সংশ্লিষ্ট অংশ পুনরায় তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় বিচারিক মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মামলায় তদন্ত কর্মকর্তা বলেছেন, অর্থ সৌদি আরব থেকে এসেছে। বিবাদীপক্ষ বলছে, অর্থ কুয়েতের আমির দিয়েছেন। মামলার এই অংশ পুনরায় তদন্ত চাওয়া হয়েছে। এই মামলায় বিচারিক আদালতে ৯ মার্চ সাক্ষী জেরার তারিখ ধার্য রয়েছে।
ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলার বিচারকাজ চলছে। একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলার বিচারকাজও চলছে। খালেদা জিয়া উভয় মামলার আসামি।
আরও পড়ুন :
খালেদার মামলা অন্য আদালতে বদলি