খালেদার আবেদনের ওপর রায় ১৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর ১৫ মার্চ রায়ের জন্য রেখেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তারিখ ধার্য করেন।

ওই মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর শুনানি নিয়ে গত বৃহস্পতিবার আদালত ১০ মার্চ রায়ের জন্য রাখেন। এ অবস্থায় আজ খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে যান।

পরে খালেদা জিয়ার আইনজীবী এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, ‘আদালত ১৫ মার্চ রায়ের জন্য রেখেছেন। এর আগে আমরা চাইলে শুনানি করতে পারব বলে বলেছেন আদালত।’

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা দায়ের করে। মামলা বাতিল চেয়ে তিনি আবেদন করলে হাইকোর্ট রুল ও স্থগিতাদেশ দেন।

মামলাটি কেন বাতিল করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এই রুলের ওপরই গত সপ্তাহে শুনানি হয়।

বাসস জানায়, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তাঁর আমলের সরকারের মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। শাহবাগ থানায় মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম।
মামলায় মন্ত্রিসভার বৈঠকে সভাপতি হয়ে খালেদা জিয়া বড়পুকুরিয়া কয়লাখনির অনুমোদন দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছেন—এমন অভিযোগ আনা হয়েছিল। পরে এ মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বড়পুকুরিয়া কয়লাখনি মামলার কার্যক্রম স্থগিত করেন। একই সঙ্গে মামলা দায়ের ও কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর রুল জারি করেন আদালত। এ মামলায় স্থায়ী জামিনে রয়েছেন খালেদা জিয়া।