খালেদার আবেদনের ওপর ৯ জানুয়ারি শুনানি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিষয়ে জারি করা রুল চূড়ান্ত শুনানির জন্য কাল বুধবার তালিকায় আসবে। গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এ দিন ধার্য করেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানির দিন ধার্য করার আরজি জানান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ৯ জানুয়ারি বিষয়টি চূড়ান্ত শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলেছেন আদালত। ওই দিন শুনানি হতে পারে। খালেদা জিয়াসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক। এতে কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া রিট করলে ২০০৮ সালের ৯ জুলাই হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এই রুল চূড়ান্ত শুনানির অপেক্ষায়।