খালেদার আবেদনের পরবর্তী শুনানি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা অন্য আদালতে বদলির জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর গতকাল বুধবার শুনানি গ্রহণ শুরু হয়েছে। আগামী রোববার শুনানির জন্য পরবর্তী দিন রেখেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল শুনানি নিয়ে পরবর্তী দিন ধার্য করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী রাগীব রউফ চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আবেদনের ওপর প্রাথমিক শুনানির পর খালেদা জিয়ার আইনজীবী সময়ের আবেদন জানালে আদালত রোববার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।
আবেদনকারীর আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই মামলার একটি অংশের অভিযোগ পুনঃ তদন্ত চেয়ে খালেদা জিয়া বিচারিক আদালতে আবেদন করেন। এই আবেদনের নিষ্পত্তির আগে ৩৪২ ধারায় কার্যক্রম শুরু হলে ২ ফেব্রুয়ারি আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন খালেদা জিয়া। ওই দিন তা খারিজ হয়। এরপর বিশেষ জজ আদালত-৩ থেকে মামলাটি অন্য আদালতে বদলির জন্য ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করেন তিনি। ১৬ ফেব্রুয়ারি বিষয়টি শুনানির জন্য তালিকায় এলে খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন জানালে আদালত ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।
আবেদনে মামলাটি কেন ওই আদালত থেকে অন্য আদালতে বদলির নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় মামলার কার্যক্রম স্থগিতের প্রার্থনাও রয়েছে।