জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর আজ বুধবার শুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। কাল বৃহস্পতিবার আবার শুনানি হবে।
আজ বেলা আড়াইটার দিকে এ আবেদনের ওপর শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ গঠন করা হয়নি। রাষ্ট্রপক্ষের যুক্তি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই অভিযোগ গঠন করা হয়েছে।
পরে মো. সেলিম প্রথম আলোকে বলেন, ‘আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। আদালত কাল আবার দুপুর আড়াইটায় শুনানির জন্য পরবর্তী সময় নির্ধারণ করেছেন।’
গত রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবেদন করেন। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়। একই সঙ্গে মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারিক আদালতের নথি তলবের আরজি জানানো হয়েছে।
আবেদনটি করার পর খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে দাবি করেন, অভিযোগ গঠনে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আইন অনুসারে অভিযোগ গঠন করার সময় খালেদা জিয়া দোষী না নির্দোষ, তা জিজ্ঞেস করা হয়নি। নিজ কক্ষে বসে আদালতের কর্মচারীর মাধ্যমে অভিযোগ গঠন করার বিষয়টি সবাইকে জানানো হয়। এটা ফৌজদারি কার্যবিধির ২৪২ ধারার পরিপন্থী।
গত ১৯ মার্চ এই দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়। এ দুই মামলায় সাক্ষ্য নিতে ২১ এপ্রিল দিন ধার্য করা হয়।