খালেদার উপদেষ্টা তৈমুর জামিনে মুক্ত

বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতে তৈমুর আলম খন্দকারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মার-ই-য়াম খন্দকার ও মো. মনোয়ার হোসাইন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।
পরে মার-ই-য়াম খন্দকার প্রথম আলোকে বলেন, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে এজাহার করে পুলিশ। পরে তা দুটি মামলায় রূপান্তরিত হয়। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাইকোর্ট থেকে এবং দণ্ডবিধিতে হওয়া মামলায় নারায়ণগঞ্জ দায়রা আদালত থেকে তৈমুর আলম আজ জামিন পান। জামিন লাভের পরে তিনি মুক্তি পেয়েছেন।
আইনজীবী সূত্র বলেছে, ওই মামলায় নারায়ণগঞ্জ নগরের চাঁদমারি এলাকা থেকে ২৩ জানুয়ারি তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি।