বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আগামী ২৪ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্য দিনে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক হোসনে আরা বেগম এ তারিখ ধার্য করেন।
সম্প্রতি উচ্চ আদালত এ মামলার ওপর থাকা স্থগিতাদেশ প্রত্যাহার করে বিচারকাজ শুরুর আদেশ দেন। গতকাল খালেদা জিয়াসহ নয়জন আসামির পক্ষে সময়ের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষও সময়ের আবেদন করে। আদালত উভয় আবেদন মঞ্জুর করে খালেদা জিয়াসহ সব আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নতুন তারিখ ধার্য করেন। একই সঙ্গে আদালত উচ্চ আদালতের আদেশ দাখিলের আদেশ দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম, আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন প্রমুখ।