খালেদার উসকানিতেই রেলে ধ্বংসযজ্ঞ: রেলমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উসকানিতে গত বছরের শেষ দিকে জামায়াত-শিবির সারা দেশে রেলওয়েতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা রেলওয়ের ইঞ্জিনে আগুন দিয়ে, ফিশপ্লেট খুলে ফেলে এবং রেললাইন উপড়ে ফেলে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করেছে। এ রকম সংকটের মুহূর্তে রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারী এবং রেল শ্রমিক লীগের ঐক্যবদ্ধ প্রয়াসে জাতীয় সম্পদ রেলকে রক্ষা করতে সক্ষম হয়েছি। তার পরও কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।’

আজ বুধবার চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড রেলওয়ে স্টেডিয়ামে দুদিনব্যাপী রেলওয়ের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মুজিবুল হক আরও বলেন, ‘রেল যোগাযোগ একটি সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক যোগাযোগ ব্যবস্থা। এ ব্যবস্থা বিএনপি আমলে ছিল অবহেলিত। তখন অনেক ক্ষতি হয়েছে। আমরা সেসব ক্ষতি কমিয়ে আনছি। ভবিষ্যতে যাতে এ ক্ষতির পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসে এবং রেলওয়ের আয় বাড়ে, সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
মন্ত্রী রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক এবং রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি মোহাম্মদ মকবুল আহাম্মদের সভাপতিত্বে রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন, রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সাধারণ সম্পাদক ও পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী এ কে এম মাহবুব-উল আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।