খালেদার ওপর হামলা চেষ্টার কথা জানে না ব্রিটিশ পুলিশ
লন্ডনের রাস্তায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর হামলার বিষয়ে অবহিত নয় বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। কথিত ওই হামলার একটি ভিডিওচিত্রের প্রকাশ নিয়ে ২৪ ঘণ্টা ধরে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা জল্পনাকল্পনা চলছে।
খালেদা জিয়ার ওপর কথিত হামলার বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে গত বুধবার লন্ডন মেট্রোপলিটন পুলিশের বক্তব্য জানতে চাওয়া হয়। ওই অনুরোধের জবাবে গতকাল বৃহস্পতিবার স্কটল্যান্ড ইয়ার্ডের এক কর্মকর্তা টেলিফোনে প্রথম আলোর লন্ডন প্রতিনিধিকে জানান, ঘটনার স্থান এবং ঘটনা সম্পর্কে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওই ধরনের ঘটনার বিষয়ে তাঁরা অবহিত নন। ওই কর্মকর্তা বলেন, তাঁরা সব চ্যানেলে খবর নিয়ে দেখেছেন, ওই ধরনের কোনো ঘটনার বিষয়ে কেউ পুলিশকে রিপোর্ট করেনি।
গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওচিত্র প্রকাশ করে দাবি করা হয়, লন্ডনে খালেদা জিয়ার ওপর হামলা হয়েছে। কারা ওই ভিডিওচিত্র প্রকাশ করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে হামলা হয়েছে দাবিকারী এক ব্যক্তি প্রথম আলোকে ভিডিওচিত্র সরবরাহ করে বলেন, ভিডিওচিত্রে যে সাদা গাড়ি দেখা যাচ্ছে তা হামলাকারীদের। সাদা গাড়ির পেছনের দিকে ফুটপাতে খালেদা জিয়ার ওপর ডিম নিক্ষেপ করে তাঁরা দ্রুত চলে যান। ওই ব্যক্তি দাবি করেন, ভিডিওতে যাঁকে দৌড়ে সাদা গাড়ির সামনে আসতে দেখা যাচ্ছে, তিনি তারেক রহমান এবং যিনি চলন্ত অবস্থায় গাড়ির দরজা ধরে টান দিয়েছেন, তিনি যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ। ডিম নিক্ষেপ করে কেটে পড়ার সময় তাঁরা হামলাকারীদের আটকাতে চেয়েছিলেন। গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে লন্ডনের ডেভনশায়ার এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। কোনো সংবাদমাধ্যমে ঘটনার স্থান হার্লি স্ট্রিট বলে উল্লেখ করা হয়েছে। হার্লি স্ট্রিট এবং ডেভনশায়ার স্ট্রিট একটি আরেকটির সংযোগ সড়ক হলেও ভিডিওচিত্রে ধারণকৃত স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ওই ব্যক্তি আরও বলেন, হামলাকারীরা চার-পাঁচজন ছিলেন এবং ৩০ সেকেন্ডের কম সময়ে খালেদা জিয়ার ওপর ডিম নিক্ষেপ করে তাঁরা কেটে পড়েন।
খালেদা জিয়ার ওপর হামলা হয়েছে এমন দাবিকে শুরু থেকেই অস্বীকার করে আসছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা।
তবে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ প্রথম আলোকে বলেন, হামলার দাবি মিথ্যা। আওয়ামী লীগ ওই ঘটনা সাজিয়ে প্রচার চালাচ্ছে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে সে সময় খালেদা জিয়া তারেক রহমানের বাসায় ছিলেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ওপর কথিত হামলার বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির প্রথম আলোকে বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। তবে বিএনপি যেহেতু ঘটনাটি অস্বীকার করেছে, তাই তাঁরা মনে করছেন, ঘটনা সত্য নয়। এ জন্য তাঁরা বিষয়টির আর কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজন বোধ করেননি।