খালেদার করা লিভ টু আপিল খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফাইল ফটো।
আদালত প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফাইল ফটো।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনঃ তদন্ত চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। পর্যবেক্ষণসহ আবেদনটি খারিজ করা হয়েছে বলে জানিয়েছেন দুই পক্ষের আইনজীবীরা।

আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

লিভ টু আপিলটি পর্যবেক্ষণসহ খারিজ করা হয়েছে জানিয়ে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, এই মামলায় সৌদি আরব থেকে অর্থ এসেছে বলে বলা হয়েছে। অথচ কুয়েতের দূতাবাস থেকে চিঠি দিয়ে বলা হয়েছে, এই অর্থ সেখান থেকে এসেছে। এ জন্য পুনঃ তদন্ত চেয়ে আবেদনটি করা হয়। আপিল বিভাগ অর্থের উৎসসংক্রান্ত নথি বিচারিক আদালতকে যথাসময়ে বিবেচনা করার জন্য পর্যবেক্ষণ দিয়েছেন।

পরে দুদকের কৌঁসুলি খুরশিদ আলম খান বলেন, বিচারিক আদালত চাইলে ওই নথি তার অন্তর্নিহিত ক্ষমতাবলে বিবেচনা করতে পারেন বলে বলা হয়েছে। লিভ টু আপিল খারিজ হওয়ায় মামলার কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে।

এর আগে গত ৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় অর্থের উৎসবিষয়ক অভিযোগের একটি অংশের পুনঃ তদন্ত চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়।

জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলার একটি অংশ পুনরায় তদন্ত চেয়ে খালেদা জিয়ার করা আবেদন গত ২ ফেব্রুয়ারি বিচারিক আদালতে নামঞ্জুর হয়। বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে ১ মার্চ হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। আবেদনে মামলার একটি অংশ পুনরায় তদন্তের আবেদন খারিজের আদেশ কেন বাতিল হবে না এবং মামলার সংশ্লিষ্ট অংশ পুনরায় তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় বিচারিক মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।