খালেদার কর্মসূচি প্রতিহত করবে আ.লীগ
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ‘গণতন্ত্রের অভিযাত্রা’ যেকোনো মূল্যে প্রতিহত করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বর্ধিত সভায় আওয়ামী লীগের নেতারা এ ঘোষণা দেন।
প্রতিহতের প্রস্তুতি হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেন। এগুলোর মধ্যে আছে আগামী শনিবার বেলা ১১টায় ঢাকা মহানগর কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা, বেলা তিনটায় ঢাকা মহানগরের অন্তর্গত ১০০টি ওয়ার্ড ও ১৮টি ইউনিয়নে পতাকা হাতে বিজয় মিছিল। এ ছাড়া আগামীকাল বিকেলে মোহাম্মদপুর, আদাবর ও মিরপুরে পতাকা মিছিল করবে স্থানীয় আওয়ামী লীগ।
বর্ধিত সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘মসজিদে ও মন্দিরে অপরিচিত কাউকে দেখলে পুলিশের হাতে তুলে দেবেন। আইন নিজের হাতে তুলে নেবেন না। ওই দিন ঢাকা শহর থাকবে আওয়ামী লীগের দখলে। ওরা যে লাঠি নিয়ে আসবে আমাদের সেই লাঠি কেড়ে নিয়ে প্রতিহত করতে হবে। তবে ওইদিন কেউ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় আসবেন না। জনগণের জানমালের রক্ষা করতে নিজ নিজ এলাকায় অবস্থান নেবেন।’
বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে কেউ আর বিশ্বাস করে না। ঢাকায় কোনো মিটিং (সমাবেশ) করতে হলে ৫ জানুয়ারির পর করতে হবে। এর আগে কোনো মিটিং করতে দেওয়া হবে না। এর আগে হেফাজতকে বিশ্বাস করে সুযোগ দিয়েছিলাম। কিন্তু তারা সেই সুযোগের অপব্যবহার করে বায়তুল মোকাররমে আগুন দেওয়াসহ ঢাকায় নাশকতা করেছিল।’
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে যে নাশকতা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা কোনো অবস্থাতেই তাদের নাশকতা বরদাশত করব না। আমরা এখন থেকেই তাদের প্রতিহত করতে প্রস্তুত থাকব।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, আবদুল হক প্রমুখ।