খালেদার কার্যালয়ের নিরাপত্তা একই রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে নিরাপত্তাব্যবস্থা আগের মতোই রয়েছে। গত কয়েক দিনের মতো আজ মঙ্গলবার সকাল থেকে কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি কম দেখা গেছে। তারা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে। মূল ফটকের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাবাহিনীর (সিএসএফ) একটি গাড়ি আড়াআড়িভাবে রাখা হয়েছে।

কার্যালয়ের সামনে ৮৬ নম্বর সড়ক দিয়ে ব্যস্ত মানুষ যাতায়াত করছেন। তবে আশপাশের মানুষের মধ্যে কার্যালয়কে ঘিরে একধরনের কৌতূহল দেখা গেছে। অনেকেই উৎসুক চোখে কার্যালয়ের দিকে তাকাচ্ছেন। অনেকে আবার গণমাধ্যমকর্মীদের কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চান। গণমাধ্যমকর্মীরাও কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন।

গতকাল সোমবার বিকেলে সিএসএফের গাড়ি কার্যালয়ের ফটকের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়। সকালে আবার গাড়িটি ফটকের সামনে আড়াআড়িভাবে রাখা হয়। কার্যালয়ের মূল ফটকের সামনে চেয়ার-টেবিল নিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) কয়েকজন সদস্য বসে আছেন। কয়েকজন কনস্টেবল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন।

গত ৩ জানুয়ারি থেকে গুলশানের ৮৬ নম্বর সড়কে নিজের কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। সাধারণত হরতাল-অবরোধে খালেদা জিয়া বের হন না। ৩ জানুয়ারি কার্যালয়ে ঢোকার পর এখন পর্যন্ত তিনি বের হননি। ওই দিন থেকে ওই কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজি এম এ কাইয়ুম, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার ও শায়রুল কবির খান। শেষ তিনজন ছাড়া অন্যদের গত ১৬ ফেব্রুয়ারি গুলশানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন মিছিলে ককটেল হামলার ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে। দিদার ও শায়রুল কবিরকে ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে।

শাজাহান খানের মিছিলে ককটেল হামলার মামলায় আদালত থেকে খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির অনুমতি পেয়েছে পুলিশ। রোববার রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেছিলেন, যখন প্রয়োজন মনে হবে, তখন ওই কার্যালয়ে তল্লাশি করা হবে।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে ৪ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন। গতকাল পর্যন্ত আদালতের পরোয়ানা সংশ্লিষ্ট থানার পুলিশ পায়নি বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর।

গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাল বুধবার দুর্নীতি মামলার ধার্য তারিখে আদালতে যাচ্ছেন না। তাঁর আইনজীবীসহ দলের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে এমন তথ্য জানা গেছে। আর সরকারি উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, খালেদা জিয়া নিজে থেকে আদালতে না গেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পারে পুলিশ।