খালেদার কার্যালয়ের সামনে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন
অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন একদল শিক্ষক ও শিক্ষার্থী।
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রায় ২০০ শিক্ষক ও শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের সাংসদ ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবদুল কালাম আজাদ, গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ প্রমুখ। পরে শিক্ষক-শিক্ষার্থীরা গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়ে রাস্তায় মানববন্ধন করেন।
এ বিষয়ে জানতে চাইলে আবদুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমি মানববন্ধনের গাইড করেছি, এটা সত্য। কারণ এটা আমার নির্বাচনী এলাকা। আমার এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন ধ্বংস হওয়ার পথে। তাদের পেছনে দাঁড়াতে হবে না?’
মানববন্ধনে অংশ নিয়ে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ মোস্তফা জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘বারবার পরীক্ষার তারিখ পরিবর্তনের কারণে পরীক্ষার্থীদের মনোবল ভেঙে যাচ্ছে। দুই দলের কাছে আমাদের আহ্বান, আপনারা সমঝোতায় আসুন। শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন।’