খালেদার ক্ষতিগ্রস্ত গাড়ি দেখলেন কূটনীতিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা কূটনীতিকদের কাছে তুলে ধরেছে বিএনপি। পরে হামলায় ক্ষতিগ্রস্ত খালেদা জিয়ার গাড়িসহ বহরের গাড়িগুলো দেখেন বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা।
১৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি গতকাল বিকেল পৌনে চারটার দিকে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যান। যুক্তরাজ্য, কাতার, পাকিস্তান, ভারত, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, তুরস্ক, জাপান, সিঙ্গাপুর, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সৌদি আরবসহ ১৬টি দেশের প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠকের পর ওই কার্যালয়ের আঙিনায় রাখা বিএনপির চেয়ারপারসনের গাড়িটি কূটনীতিকদের দেখানো হয়। গাড়ির কাচে একটি দাগ দেখিয়ে বলা হয়, খালেদা জিয়াকে লক্ষ্য করে গুলিও করা হয়েছিল।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ‘গুলির’ ঘটনাকে সরকারের শীর্ষ পর্যায় থেকে ‘নাটক’ বলায় স্তম্ভিত ও বেদনাক্লিষ্ট হয়েছে বিএনপি।
গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক অন্যতম সম্পাদক আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে বলেন, সরকারের শীর্ষ পর্যায় বলেছেন ‘নাটক’। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে এটা করেছেন। আর প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, জনগণের ক্রোধের শিকার বিএনপি। সরকারের এই তিন রকম বক্তব্য প্রমাণ করে এটা ‘নাটক’ ছিল না। যা ঘটেছে তার সাক্ষ্য-প্রমাণ আছে। সুতরাং কে কী বললেন, তাতে প্রকৃত ঘটনা আড়াল করা যাবে না।
আসাদুজ্জামান বলেন, ‘আমাদের কাছে সার্ভে আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তিন সিটির একটিতেও সরকার-সমর্থিতদের জয়ের সম্ভাবনা নেই। জনগণ ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোট দিতে না পারার প্রতিবাদ হিসেবে ২৮ এপ্রিল বিএনপি-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভোট দেবে।’
গতকাল সকালে রাজধানীর পুরানা পল্টনে পৃথক সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ওই ঘটনাকে ‘দুঃখজনক’ মন্তব্য করে বলেছেন, এ ধরনের ঘটনা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করবে। এ ঘটনায় সরকারের দুঃখিত হওয়া উচিত ছিল। কিন্তু তা না করে আওয়ামী লীগ নেতা উল্টো মামলা করেছেন। এটা দুর্ভাগ্যজনক।
এমাজউদ্দীন আহমদ ওই হামলা ও ‘গুলি করার’ ঘটনা খালেদা জিয়াকে হত্যার চেষ্টা দাবি করেন। তিনি অভিযোগ করেন, উত্তর সিটির মেয়র পদপ্রার্থী আনিসুল হকের সঙ্গে জনসংযোগে ‘শীর্ষ সন্ত্রাসী আল আমিন’কে দেখা গেছে। এতে তিনি অবাধ ও সুষ্ঠু ভোট নিয়ে ভীতসন্ত্রস্ত।
এমাজউদ্দীন আরও বলেন, ‘প্রার্থীদের নির্দ্বিধায় ভোট চাওয়ার পরিবেশ তৈরি করতে ইসির কাছে আবেদন করেছিলাম। কিন্তু তারা প্রার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ ঢাকা আন্দোলনের সদস্যসচিব শওকত মাহমুদ, সদস্য মাহবুব উল্লাহ, আবদুল হাই শিকদার প্রমুখ।