খালেদার কয়লাখনি দুর্নীতি মামলা: শুনানি ২৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথম আলো ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথম আলো ফাইল ছবি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৬ এপ্রিল। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক হোসনে আরা বেগম দিন ধার্যের এ আদেশ দেন।

এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ রোববার। আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করে। এতে বলা হয়, মামলায় আসামিপক্ষে উচ্চ আদালতে স্থগিতাদেশ রয়েছে। তাই শুনানি মুলতবি রাখা প্রয়োজন।

শুনানি শেষে আদালত নতুন দিন ধার্য করেন। খালেদা জিয়া অন্য একটি মামলায় কারাগারে আটক রয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করে। মামলায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই বছর ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

খালেদা জিয়া ছাড়া অভিযোগপত্রভুক্ত আসামি হলেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম মারা যাওয়ায় মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মো. মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় আসামির তালিকা থেকে তাঁদের নামও বাদ দেওয়া হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। ওই মামলায় কারাভোগ করছেন তিনি।