খালেদার কয়লাখনি দুর্নীতি মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির অভিযোগে করা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আজ বুধবার আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে এ রায় প্রকাশিত হয়।
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্ট এ আবেদন করেছিলেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা চলবে বলে হাইকোর্ট রায়ে বলেছিলেন। রায়ে আরও বলা হয়েছিল, রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, যেহেতু এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে, এখন তাঁরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে হাইকোর্ট ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর রায় দেন। আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক মামলাটি করে। পরে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। প্রাথমিক শুনানি শেষে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ রুল দেন। খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া মামলা কেন বাতিল করা হবে না, তা ওই রুলে জানতে চাওয়া হয়েছিল। রুলের জবাবের পর হাইকোর্ট রায় দিয়েছিলেন।