খালেদার গাড়িবহরে হামলার বিচার দাবি আনিসুল হকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক। তিনি বলেন, অপরাধী যারাই হোক তাঁদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা উচিত।
গতকাল বুধবার গুলশানের কালাচাঁদপুরে এক পথসভায় আনিসুল হক এই প্রতিক্রিয়া জানান। পরে খিলক্ষেত এলাকায় আরেকটি পথসভায় সাংবাদিকেরা তাঁর কাছে আবারও খালেদা জিয়ার গাড়িবহরে হামলা প্রসঙ্গে জানতে চান। প্রশ্ন করা হয়, হামলাকারীদের একজন আপনার পাশে থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এমন ছবি ফেসবুকে প্রকাশ হয়েছে।
জবাবে আনিসুল হক বলেন, ‘যখন জনসংযোগে যাচ্ছি তখন আমার পাশে শত শত মানুষ হাঁটছে। আমার চোখ থাকে সামনে। কে আমার পাশে এসে ছবি তুলছে, কে সন্ত্রাসী, চাঁদাবাজ সেটা তো আগে থেকে কারও পক্ষেÿজানা সম্ভব নয়। তা ছাড়া আমি তো সন্ত্রাসী মাস্তানদের চিনি না। ফলে এমন কোনো প্রচারণা চললে সেটা আমার প্রতি অন্যায় করা হবে।’
আনিসুল হক আরও বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মতো ঘটনা নির্বাচনের পরিবেশ নষ্ট করে। সব প্রার্থী অনেক কষ্ট করছেন। সবাই নির্বাচনে আছেন। সুন্দর পরিবেশ বজায় আছে। জনগণ যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে তেমন পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সবার। তিনি হামলার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।
সকালে কালাচাঁদপুর পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে আনিসুল হককে স্বাগত জানান। প্রথমে তিনি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, বাসিন্দা ও পথচারীদের কাছে দোয়া ও টেবিল ঘড়ি প্রতীকে ভোট চান। এরপর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভা করেন।
আনিসুল হক স্থানীয়দের উদ্দেশে বলেন, রাজনীতি নয়, কে ভালো কাজ করবে, কে ভালো সেবা দিতে পারবে তা বিবেচনায় নিয়ে ভোট দিন। প্রার্থীদের অতীত কর্মকাণ্ড বিবেচনা করে যাকে বেশি যোগ্য মনে করবেন তাঁকেই নির্বাচিত করুন।
পথসভা শেষে এলাকার বিভিন্ন সড়কে হেঁটে হেঁটে জনসংযোগ করেন আনিসুল হক। এরপর তিনি ঢাকা উত্তরের ১৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন খিলক্ষেত এলাকায় আরেকটি পথসভায় বক্তৃতা করেন। পাশেই ছিল আনিসুল হকের ব্যবসায়িক প্রতিষ্ঠান মোহাম্মাদী গ্রুপের প্রধান কার্যালয়। সেখানকার পথসভায় স্থানীয় মানুষ সাদা পতাকা উঁচিয়ে ও করতালির মাধ্যমে আনিসুল হককে স্বাগত জানান।
বিকেলে মিরপুরের পূরবী হল এলাকায় বৃহত্তর ফরিদপুর সমিতির সঙ্গে মতবিনিময় করেন আনিসুল হক। এরপর তিনি শেওড়াপাড়া হাজী আশ্রাফ আলী বিদ্যালয়ে পথসভায় অংশ নেন। সেখানে গণসংযোগ শেষে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে প্রজন্ম চত্বরে পথসভা করেন। পীরেরবাগ এলাকায় গণসংযোগ করে তিনি দিনের কর্মসূচি শেষ করেন।