খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা
রাজধানীর বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি মামলা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল কাইয়ুম এবং ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক বাবু হাসান বাদী হয়ে মামলা দুটি করেন।
রমনা থানার ওসি মশিউর রহমান প্রথম আলোকে বলেছেন, দুটি মামলায় অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। দুই মামলাতেই হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
বিএনপির মামলায় বলা হয়, বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে জয় বাংলা স্লোগান দিয়ে ৪০-৫০ জন আওয়ামী সন্ত্রাসী লাঠি, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলামোটরে ট্রাফিক সিগন্যালে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এতে গাড়িতে থাকা তাঁর পাঁচ নিরাপত্তা কর্মীসহ ছয়জন জখম হন।
ছাত্রলীগের মামলায় বলা হয়, বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে বাংলামোটরে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরের চাপায় তিনি, তাঁর সঙ্গে থাকা জাকির দেওয়ান ও লিটন শেখ আহত হন। তাঁরা এর প্রতিবাদ জানালে গাড়িবহরে থাকা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের হুকুমে চেয়ারপারসনের নিরাপত্তাকর্মীসহ অজ্ঞাত ২০-২৫ জন নেতা-কর্মী শটগান ও লাঠিসোঁটা হাতে তাঁদের হত্যা করার উদ্দেশ্যে গুলি করার ভয় দেখান। তাঁরা শটগানের বাঁট ও লাঠি দিয়ে তাঁকে (বাবু হাসান), জাকির ও লিটন শেখকে পেটান।