খালেদার গ্যাটকো মামলার রুলের শুনানি ৯ ফেব্রুয়ারি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে রুল শুনানির দিন ৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। আজ বুধবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, গ্যাটকো দুর্নীতি মামলা নিয়ে খালেদা জিয়ার করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল দিয়েছিলেন। এই রুল শুনানির জন্য আদালত ৯ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন।
বহুল আলোচিত গ্যাটকো দুর্নীতির মামলায় গত ২৭ জানুয়ারি নতুন আইনজীবী নিয়োগ দেয় দুদক। সংস্থার প্যানেল আইনজীবী খুরশিদ আলম খানকে এই মামলার আইনজীবী নিযুক্ত করা হয়। এ মামলায় দুদকের আইনজীবী আনিসুল হক আইনমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে মামলাটির আইনজীবীর পদ শূন্য ছিল।
দুদক সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্যাটকো কোম্পানিকে পাইয়ে দিয়ে সরকারের এক হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে মামলা করে দুদক। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন। পরে উপপরিচালক জহিরুল হুদা তদন্ত করে চারদলীয় জোট সরকারের সাবেক নয়জন মন্ত্রীসহ ২৫ জনকে আসামি করে ২০০৮ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া ও আকবর হোসেন মারা যাওয়ায় তাঁদের নাম আসামি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।