খালেদার চাপে শাপলা চত্বরে হেফাজত: কামরুল

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার চাপেই গত রোববার মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম।
আজ বুধবার সকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে হরতালবিরোধী এক মানববন্ধনে কামরুল ইসলাম এ অভিযোগ করেন। সম্মিলিত আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী এ মানববন্ধন আয়োজন করে।
আইন প্রতিমন্ত্রী দাবি করেন, ‘হেফাজতে ইসলাম তাঁদের কর্মসূচি শেষ করতে চেয়েছিল। তারা সেখানে অবস্থান করতে চায়নি। কিন্তু খালেদা জিয়ার চাপে তারা সেখানে অবস্থান নেয়। খালেদা জিয়া দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিলেন। কিন্তু সরকারের দৃঢ় পদক্ষেপে তাঁদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’
কামরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তভাবে, গণতান্ত্রিক উপায়ে হেফাজত কর্মীদের শাপলা চত্বর থেকে সরিয়ে দেয়। সেখানে কোনো হতাহতের প্রশ্নই আসে না। শত শত লাশ গুমের অভিযোগ সত্য নয়। বিভিন্ন টেলিভিশনে ওই অভিযানের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়েছে।’
আইন প্রতিমন্ত্রী দাবি করেন, হেফাজতের সব কর্মসূচিতে অর্থায়ন করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। এতে মদদ দিয়েছে বিএনপি-জামায়াত।’
রোববার ঢাকায় এবং পরে দেশের বিভিন্ন জায়গায় হেফাজতের সহিংসতার ঘটনায় জড়িত সকলকে ফৌজদারি আইনে বিচার করা হবে বলে জানান কামরুল ইসলাম।
১৩ দফা দাবিতে গত ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাপলা চত্বরে বিকেল থেকে সমাবেশ শুরু করে সংগঠনটি। দুপুরের পর থেকেই মতিঝিল ও পল্টন এলাকায় ব্যাপক সহিংসতা চালায় হেফাজতের কর্মী-সমর্থকেরা। সমাবেশ শেষ করে তাঁদের চলে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে তাঁরা অবস্থানের ঘোষণা দেয়। শাপলা চত্বর থেকে হেফাজতের কর্মী-সমর্থকদের সরিয়ে দিতে রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালায়।