খালেদার চার আবেদনের শুনানি নতুন বেঞ্চে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার চার আবেদন শুনানির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বুধবার এই আবেদন চারটি শুনানির জন্য পাঠানো হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া, গ্যাটকো ও নাইকো দুর্নীতির মামলার চারটি আবেদন প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছিল। তিনি চারটি আবেদনই হাইকোর্টের আরেকটি বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।
গত ৫ এপ্রিল বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর রায় না দিয়ে তা পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলার আরও তিন আবেদন প্রধান বিচারপতির কাছে পাঠান আদালত। আদেশে আদালত বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা অনৈতিক ও অপেশাদারি আচরণ করছেন।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. শামসুল আলম মামলা করেন। মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। শুনানির পর ২০০৮ সালের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুল ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন।