খালেদার চিকিৎসাসেবা নিয়ে রিটের শুনানি মঙ্গলবার হতে পারে

কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন ওপর আজ সোমবার শুনানি হয়নি। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় আজ আবেদনটি শুনানির জন্য ছিল। এদিন খালেদার আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেছেন, নট টুডে (আজ নয়) রাখা হলো।
ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চেয়ে গতকাল রোববার খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী নওশাদ জমির রিটটি দায়ের করেন, যা আজ তালিকায় ওঠে।
এ দিন খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল এক দিন সময়ের আরজি জানালে আদালত তা মঞ্জুর করেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
খালেদা জিয়ার অন্যতম আইনজীবী নওশাদ জমির প্রথম আলোকে বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যগত দিক নিয়ে গতকাল সরকারের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করেছেন। জ্যেষ্ঠ আইনজীবীরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে একটি আবেদন দিয়েছেন। সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে, এই বিবেচনায় এক দিন সময় চাওয়া হয়। কাল মঙ্গলবার আবেদনের ওপর শুনানি হতে পারে।
আইনজীবী সূত্র বলেছে, রিটে ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ বোর্ড গঠন এবং এখন পর্যন্ত তাঁর চিকিৎসাসেবা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে এতে। রিটে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, আইজি (প্রিজন), ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারসহ সাতজনকে রিটে বিবাদী করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন আদালত। এরপর থেকে ৭৩ বছর বয়সী খালেদা জিয়াকে ওই কারাগারের দোতলার একটি কক্ষে রাখা হয়েছে।