খালেদার জনসভাকে ঘিরে রংপুর বিএনপিতে 'ঐক্য'
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভাকে ঘিরে রংপুরে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর বিবদমান দুটি পক্ষের মধ্যে ঐক্যের সুর বইছে। সবাই মিলেমিশে কাজ করছেন। প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে একাধিক প্রস্তুতি সভা।
দলীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর জেলা বিএনপির সমেঞ্চলন হয় না। আহ্বায়ক কমিটি দিয়েই দলের কার্যক্রম চলে আসছে। বিবদমান দুটি পক্ষ সক্রিয় হওয়ায় জেলা ও উপজেলাগুলোয় দ্বন্দ্ব লেগেই ছিল। ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার জনসভাকে সফল করে তুলতে প্রস্তুতিমূলক সভায় বক্তৃতা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কেন্দ্রীয় নেতা হান্নান শাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের পাঁচ কর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার ও জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে ঘটনাটি মিটমাট হয়ে যায়।
দলের একাধিক সূত্র জানায়, জেলা বিএনপির মধ্যে আহ্বায়ক মোজাফফর হোসেনের সঙ্গে জ্যেষ্ঠ আহ্বায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ রহিম উদ্দিন ভরসা এবং তাঁর স্ত্রী শিরিন মমতাজ ভরসার মধ্যে বিরোধের জের ধরে দুটি পক্ষ সক্রিয় হয়ে ওঠে। বিরোধের কারণে গত পাঁচ বছরে একাধিকবার সমেঞ্চলনের উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব হয়ে ওঠেনি। কোন্দল ঠেকাতে ২০০৯ সালের ২৩ জুলাই জেলা কমিটি ভেঙে দিয়ে আশরাফ হোসেন বড়দাকে আহ্বায়ক করে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১৫ বছর সভাপতি থাকার পর ওই দায়িত্ব থেকে ছিটকে পড়েন রহিম উদ্দিন ভরসা। কোন্দল আরও চরম আকার ধারণ করে। তিন মাসের মাথায় আহ্বায়ক আশরাফ হোসেন পদত্যাগ করেন। একই বছরের ৩ নভেম্বর কেন্দ্র থেকে আবারও রহিম উদ্দিন ভরসাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হলে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন নেতা-কর্মীরা। ২০১০ সালের ১০ এপ্রিল জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেনকে আহ্বায়কের দায়িত্ব দিয়ে আগের কমিটি বহাল রাখে কেন্দ্রীয় কমিটি। শারীরিক অসুস্থতার কারণে রহিম উদ্দিন ভরসার স্ত্রী শিরিন মমতাজ ভরসাকে একই বছরের ১৬ জুন জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়। তখন থেকেই জেলা ও শহর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়ে।
এই কোন্দলের প্রভাব পড়ে উপজেলা কমিটিতেও। গঙ্গাচড়া, কাউনিয়া, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় ওই দুই পক্ষের নেতারা পাল্টাপাল্টি কমিটি গঠন করেন। পীরগঞ্জ উপজেলায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হন।
মিঠাপুকুরের একটি পক্ষের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘এরই মধ্যে আমরা দুই পক্ষই প্রস্তুতি সভা করেছি।’ পীরগঞ্জে বিবদমান দুটি পক্ষের মধ্যে এক পক্ষের নেতা সাবেক সাংসদ নূর মোহামঞ্চদ মণ্ডল বলেন, বিরোধ ছিল, কিন্তু ম্যাডামের (খালেদা জিয়া) আগমন উপলক্ষে সে বিরোধ কেটে গেছে।
শিরিন-ভরসার পক্ষে অবস্থান নেওয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বে ঝিমিয়ে পড়া নেতা-কর্মীরা দলের কার্যক্রমে আবার সক্রিয় হয়ে উঠেছে। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বলেন, নেতা-কর্মীদের এখন একটাই উদ্দেশ্য, জনসভা সফল করে তোলা। তাই সবাই মিলেমিশে কাজ করে চলেছেন।