খালেদার জনসভায় মারামারি

রাজশাহীতে ১৮-দলীয় জোটের জনসভায় গতকাল সোমবার দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে পিটিয়ে সমাবেশস্থল থেকে বের করে দেয়। এতে অন্তত ১০ জন আহত হয়।
এ ছাড়া মঞ্চে বিএনপির জেলা শাখার সভাপতি নাদিম মোস্তফাকে কথা বলার সুযোগ না দেওয়ায় জেলার নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ উপলক্ষে গতকাল সকালে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা থেকে জোটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নগরের হোসেনীগঞ্জ এলাকার মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন। সকাল থেকে তাঁদের মধ্যে মঞ্চের সামনের জায়গা দখল নিয়ে প্রতিযোগিতা দেখা যায়। বেলা ১১টার দিকে বিএনপির নওগাঁর পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানার ছবিসহ গেঞ্জি পরে তাঁর সমর্থকেরা সমাবেশস্থলে আসেন। ওই এলাকার বিএনপির সাবেক সাংসদ সালেক চৌধুরীর কর্মীরা তাঁদের ওপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে পোরশা থেকে আসা বিএনপির কর্মী মুজিবুর রহমানের মাথা ফেটে যায়। একপর্যায়ে সালেক চৌধুরীর কর্মীরা মাসুদ রানার কর্মীদের সমাবেশস্থল থেকে বের করে দেন।
বিএনপির জেলা শাখার নেতারা অভিযোগ করেন, বিএনপি জেলা শাখার সভাপতি নাদিম মোস্তফার অনুষ্ঠান উপস্থাপনা করার কথা ছিল। দলের চেয়ারপারসন বক্তব্য দেওয়ার আগে তাঁরই নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের সভাপতি বিএনপির মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু প্রধান অতিথির আগে বক্তব্য দেন এবং বক্তব্য শেষ করার সময় তিনি প্রধান অতিথির নাম ঘোষণা করেন। এমনকি প্রধান অতিথির বক্তব্যের সময় নাদিম মোস্তফাকে পাশে দাঁড়ানোর সুযোগও দেওয়া হয়নি। নাদিম মোস্তফাকে মাত্র চারজন বক্তার নাম ঘোষণার সুযোগ দেওয়া হয়।
এ ব্যাপারে মিজানুর রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে বিএনপির মহানগর শাখার সাধারণ সম্পাদক শফিকুল হক দাবি করেন, মঞ্চে এ রকম কিছুই হয়নি।
এদিকে জনসভায় ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির পাঁচ সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। এঁদের চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদের সমর্থক।