খালেদার জনসভায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে খালেদা জিয়ার জনসভায় যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবদার আলী মণ্ডল (২৮) ও বুলবুল আহমেদ (৩০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। গতকাল রোববার দুপুর ১২টার দিকে বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে দ্রুতগতির একটি ট্রাক্টর থেকে ছিটকে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
আবদার আলী ও বুলবুল বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি হাটখোলাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার আফতাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রংপুরের জনসভাস্থলে যোগ দিতে একটি ট্রাক্টরে করে প্রায় ৪০ জন যাত্রী ওঠেন। বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের কাছে বাঁক ঘুরতে গেলে দ্রুতগতির ট্রাক্টরটি থেকে ২০-২৫ জন যাত্রী সড়কে ছিটকে পড়ে। এতে চাকায় পিষ্ট হয়ে আবদার ঘটনাস্থলেই মারা যান। এ সময় চালক ট্রাক্টর নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত বুলবুল, ফারুক হোসেন (৩৫), শাহাদত হোসেন (৩৫) ও আলতাফ হোসেনকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল মারা যান।
ট্রাক্টরের যাত্রী আফজাল হোসেন (৫০) অভিযোগ করেন, দ্রুতগতিতে ট্রাক্টর চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।