বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কুষ্টিয়ার জনসভায় যোগ দিতে যাওয়ার সময় মেহেরপুর ও গাংনীর দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। তাঁদের বহনকারী সাতটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার গাংনীতে এ হামলা চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে।মেহেরপুর-২ (গাংনী) আসনের সাংসদ ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন জানান, কুষ্টিয়ায় খালেদা জিয়ার জনসভায় যোগদানের জন্য স্থানীয় নেতা-কর্মীরা মেহেরপুর ও গাংনী থেকে শতাধিক বাস নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন। তিনি অভিযোগ করেন, দুপুর ১২টার দিকে তাঁরা গাংনী সদরের ত্রিমণি মোড়ে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বাসের বহরে হামলা চালায়। এ সময় ইট-পাটকেল ও লাঠি দিয়ে অন্তত সাতটি বাস ভাঙচুর করা হয়। হামলায় তাঁদের ১২ জন নেতা-কর্মী আহত হন। তিনি আরও অভিযোগ করেন, মেহেরপুর থেকে ছেড়ে আসা নয়টি বাসও স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা আটকে দেয়। সাংসদ আমজাদ হোসেন এ জন্য গাংনী পৌর মেয়র আহম্মদ আলীর কর্মী-সমর্থকদের দায়ী করেন।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।যোগাযোগ করা হলে গাংনী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহম্মদ আলী জানান, ছাত্রলীগের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানাতে সংগঠনের কর্মীরা মিছিল বের করে। তিনি অভিযোগ করেন, এ সময় বিএনপির গাড়িবহরের একটি মাইক্রোবাস থেকে ছাত্রলীগের ছেলেদের উদ্দেশ্য গালিগালাজ করা হয়। ছাত্রলীগের দুজন কর্মীকে মারধরও করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল বের করে। তিনি দাবি করেন, বিএনপির গাড়িবহরে হামলা চালানো হয়নি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশের সামনেই বিএনপির গাড়িবহরে হামলা ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করে। অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। এ কারণে বেশ কিছু সময় আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। কি হয়েছে জানেন না। তিনি বলেন, ‘যদি নেগেটিভ কিছু হয়ে থাকে তাহলে প্লিজ লিখবেন না।’মেহেরপুর সহকারী পুলিশ সুপার সাহেদ আকবর জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সময়ে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।